টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৩ ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত বিবৃতি বিষয়ে আপাসেনের অন্তর্বর্তী প্রতিক্রিয়া

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ৩ ডিসেম্বর যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে উল্লেখ করা হয়নি যে আপাসেন ইতোমধ্যেই বিষয়টি আদালতে নিয়ে গেছে। হাইকোর্টে কাউন্সিলের বিরুদ্ধে দায়ের করা মামলায় আপাসেন অভিযোগ করেছে যে কাউন্সিল একটি অস্বচ্ছ ও বেআইনি বরাদ্দ প্রক্রিয়া পরিচালনা করেছে।

আইনি প্রক্রিয়ার শুরু থেকেই আপাসেন আইনজীবী ও একজন কিংস কাউন্সেলের পরামর্শে এগিয়েছে এবং সুবিচার পাওয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটি আত্মবিশ্বাসী।

কাউন্সিল দাবি করেছে যে তারা “ভুল তথ্য” এবং আদালতের বাইরে আপাসেন ও অন্যদের তোলা অভিযোগ মোকাবিলা করছে; অথচ এসব অভিযোগ কী— তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি। ফলে ঘোষিত উদ্দেশ্য ও প্রকৃত কার্যক্রমের মধ্যে বড় ধরনের বৈসাদৃশ্য তৈরি হয়েছে। আপাসেনের আইনজীবীরা জরুরি ব্যাখ্যার অনুরোধ জানালেও ৫ ডিসেম্বর বিকাল ৩টা পর্যন্ত কাউন্সিল কোনো ব্যাখ্যা দেয়নি। এই পরিস্থিতি ইঙ্গিত করে যে বিবৃতিটি কাউন্সিল বিষয়ে ‘ভুল তথ্য’ সংশোধনের উদ্দেশ্যে নয়; বরং আংশিক ও বিকৃত তথ্য উপস্থাপন করে আপাসেনকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে।

এছাড়া, বিবৃতি প্রকাশের আগে কাউন্সিল আপাসেনকে কোনো নোটিশ দেয়নি এবং বিরোধসংক্রান্ত কোন তথ্য জনসমক্ষে প্রকাশ করা যেতে পারে— তা নিয়ে আলোচনারও কোনো উদ্যোগ নেয়নি। চলমান সংকট সমাধানে আপাসেন সবসময় সহযোগিতার পক্ষে থেকেছে এবং প্রতিষ্ঠানটি কাউন্সিলের এমন আচরণে গভীরভাবে হতাশ।

এই গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া সংক্রান্ত কোন কোন তথ্য জনস্বার্থে তুলে ধরা উচিত— সে বিষয়ে আপাসেন বর্তমানে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করছে।

৫ ডিসেম্বর, ২০২৫